চট্টগ্রামের বহুল আলোচিত মেজর ইকবাল গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা থেকে বহুল আলোচিত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি মেজর ইকবাল নামে খুব সু-পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, ইকবালের বিরুদ্ধে এই পর্যন্ত অন্তত ৪০টি উপর মামলা হয়েছে। এর মধ্যে একধীক মামলায় জেলও খেটেছেন। বর্তমানে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে ছয়টি হত্যা মামলা। সর্বশেষ ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর বিভিন্ন দেশে থাকার পর কয়েক বছর আগে এলাকায় ফিরেছেন তিনি।
পুলিশ আরো জানায়, অস্ত্রসহ অবস্থান করছেন- এমন খবরে ইকবালকে ধরতে অভিযান চালানো হয়। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি। তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মেজর ইকবাল নামে পরিচিত এই সন্ত্রাসীকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



