রূপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল তরুণ এনসিপি নেতা সাদ্দাম মিয়ার প্রাণ
নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ রাজনৈতিক কর্মী ও তারাবো পৌর যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী সাদ্দাম মিয়া। বৃহস্পতিবার (৭ মে) আনুমানিক সকাল ১০টা বাজে উপজেলার তারাবো ব্রিজ সংলগ্ন স্টাফ কোয়ার্টার হাইওয়ে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপ ভ্যানটি তার শরীরের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত সাদ্দাম মিয়া রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাব এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সক্রিয় ও জনপ্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। আসন্ন রাজনৈতিক কার্যক্রম ঘিরে তিনি তারাবো পৌর যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র সহ-সদস্য সচিব ও রূপগঞ্জের প্রধান সমন্বয়কারী মো. ইউসুফ হোসেন। একই সঙ্গে শোক জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়কারী সদস্য, রূপগঞ্জ উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব পদপ্রার্থী মো. মোহন মিয়া।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাদ্দাম মিয়া ছিলেন একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও কর্মীবান্ধব তরুণ নেতা। তার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।”



