আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

চট্টগ্রামে ২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ গ্রেফতার, এলাকায় স্বস্তি

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে ডাইল করিমকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) ভোরে নগরীর হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার করিম ওই এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর অপরাধ জগতের পরিচিত মুখ ডাইল করিমের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরকদ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ২১টি মামলা মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাইল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অপরাধী চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও বিভিন্ন সময় তিনি আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে তার নাম আবারও সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে ডাইল করিমকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক ডাকাতির প্রস্তুতির মামলাও রয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস)-এ পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার সহযোগীদের আটক করা হলেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

এদিকে দীর্ঘদিন পর ডাইল করিম গ্রেফতার হওয়ায় হাজারী গলি ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

পুলিশ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button