দেশ

ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্রমিকদের বিক্ষোভ

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানা থেকে মো: ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে কারখানার সামনে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।
নিহত মো: ইদ্রিস আলী সোনারগাঁও উপজেলার গোয়ালদী এলাকার বাসিন্দা এবং মো: আবুল কাশেমের ছেলে। তিনি ফতুল্লার ফারিয়া গার্মেন্টসে স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দিতে এসে তারা কারখানার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে সন্দেহ হলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় কক্ষের ভেতরে ইদ্রিস আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর কারখানার সামনে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button