জমি কিনেও দখলে যেতে পারছেন না ভুক্তভোগী পেয়ারুল

এম এ মান্নান, কুমিল্লা: জোরপূর্বক জমি দখল বা হুমকি দিয়ে অন্যের সম্পত্তি নিজের দাবি করা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এটি একই সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি অপরাধ। অথচ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় জমি ক্রয় করে দীর্ঘ এক যুগ ধরে মালিকানা বুঝে পাচ্ছেন না মো: পেয়ারুল নামের এক ব্যক্তি। আইনি লড়াই চালিয়ে গেলেও কোনো এক ‘অদৃশ্য শক্তির’ দাপটে তিনি নিজ জমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পেয়ারুল জানান, গত ০৯ ডিসেম্বর ২০১২ তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় জনৈক মো: সেলিম মিয়া ও তার ভাই মো: জসিম উদ্দিনের (পিতা-মৃত আবুল কাশেম) কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে সম্পত্তি ক্রয় করে সাব-রেজিস্ট্রি দলিল সম্পন্ন করেন। ক্রয়ের পর জমির নামজারি (মিউটেশন) ও খাজনা পরিশোধসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয় (অনুমোদন তারিখ: ০১/০১/ ২০১৩)। পেয়ারুল নিয়মিতভাবে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স (হোল্ডিং নং- ০০২৯-০৪৫) এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। জমি ক্রয়ের পর সেখানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ডিমান্ড নোটের মাধ্যমে গ্যাস সংযোগ গ্রহণ করেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন (স্মারক নং- ৯৭৪/৫১-০১-২০১৭/১২৪৮) পান। পেয়ারুল জানান, বিএস খতিয়ানে তার নামে ৮ শতক জমি চূড়ান্তভাবে রেকর্ড হয়। জমিতে থাকা তিনটি ঘর থেকে তিনি নিয়মিত ভাড়াপ্রাপ্ত হতেন। কিন্তু বিপত্তি ঘটে যখন একটি ঘর ভেঙে যায় এবং অন্যটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দলিলদাতাদের বড় ভাই মো: কবির হোসেন ঘরটি দখল ও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী পেয়ারুল তার জমিতে নতুন করে নির্মাণ সামগ্রী (ইট, বালু) আনলে একদল চিহ্নিত অসাধু ব্যক্তি তাকে বাধা প্রদান করে এবং রাতের আঁধারে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলে। বর্তমানে জমিতে প্রবেশ করতে না পেরে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এবং স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। বর্তমানে আদালতে পিআর-৬৮০/২৩ সহ দুটি সিআর মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে আইনি লড়াই ও মানসিক দুশ্চিন্তায় দিন কাটানো পেয়ারুল বলেন, “সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমি আমার নিজ জমিতে যেতে পারছি না। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং আমার ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পাওয়ার দাবি জানাচ্ছি।”



