আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ৫০ কার্টন ক্রোকারিজ ও দুটি গাড়ি উদ্ধারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্য আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (১৩ মে) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আত্মসাৎকৃত ৫০ কার্টন ক্রোকারিজ পণ্যসহ অপরাধে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মে রাত সাড়ে ১০টা থেকে ৬ মে রাত দেড়টার মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকারকের ৯৪ কার্টন ক্রোকারিজ পণ্য ডেলিভারি দেওয়ার নাম করে কৌশলে আত্মসাৎ করা হয়। মূল মালিককে পণ্য বুঝিয়ে না দিয়ে প্রধান অভিযুক্ত মো. নীরব চৌধুরী ওরফে সাকিব (২৯) তার সহযোগীদের নিয়ে জালিয়াতির মাধ্যমে মালামালগুলো সরিয়ে ফেলেন। এই ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. আব্দুর রহিমের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ও এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বুধবার পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. নীরব চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে মো. সাখাওয়াত হোসেন (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে আসামিদের হেফাজত থেকে আত্মসাৎকৃত পণ্যের মধ্যে ৫০ কার্টন ক্রোকারিজ সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া জালিয়াতি ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫) এবং একটি সাদা রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫) জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৭/৪২০/১০৯ ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নং-১৪, তারিখ: ১১/০৫/২০২৬) গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button