পার্বত্য শিশুদের মেধা বিকাশে রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর শুভ সূচনা

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে রাঙামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ (Kumon) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে রাঙাপানি এলাকার মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই লার্নিং সেন্টারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
এমইউএফজি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই লক্ষ্যেই কুমন পদ্ধতির এই অগ্রযাত্রা। এই উদ্যোগ পাহাড়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন জেলা পরিষদ অচিরেই পুনর্গঠন করা হবে। বর্তমানে এটি একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। আইন ও বিধি অনুসরণ করে সকল জাতিসত্তা ও জনগোষ্ঠীর সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করেই এই অন্তর্বর্তীকালীন পরিষদগুলো গঠন করা হবে এবং শীঘ্রই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের ৬০টিরও বেশি দেশে শিশুদের মেধা ও দক্ষতা বৃদ্ধির জন্য ‘কুমন’ পদ্ধতিটি অত্যন্ত জনপ্রিয়। এই পদ্ধতিতে রাঙামাটির বিভিন্ন জাতিগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে গণিত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। এটি শিশুদের আত্মশিক্ষা, মনোযোগ বাড়ানো এবং গাণিতিক জটিলতা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
মোনোঘরের সভাপতি উদয় শংকর মহাথের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইউএফজি ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা (JICA) বাংলাদেশ অফিসের বিশেষ উপদেষ্টা কিয়োকো আমাদা।
অনুষ্ঠানে ব্র্যাক কুমন লিমিটেডের ডেপুটি ম্যানেজার অনন্য হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা এবং প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। উদ্বোধনী আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



