রাজনীতি

রোহিঙ্গা সংকট নিরসন ও বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুহাম্মদ জুবাইর: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক আজ শনিবার (২৩ মে ২০২৬) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আমরা আশা করি, ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।” এসডিজি অর্জনে তিনি জাতিসংঘের নিবিড় কারিগরি ও কৌশলগত সহযোগিতা কামনা করেন।

জবাবে ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশগুলোর অন্যতম। আমাদের পুলিশ সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মর্যাদা উজ্জ্বল করছেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও এই বিপুল জনসংখ্যার চাপ দীর্ঘমেয়াদে বহন করা অসম্ভব। এই সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে বৈশ্বিক জনমত গঠন ও পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা জরুরি।”

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে একমত পোষণ করেন যে, রোহিঙ্গাদের এই বিশাল বোঝা এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা কষ্টকর। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানোর আশ্বাস দেন।

বৈঠকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের যেকোনো ইতিবাচক উদ্যোগে বাংলাদেশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য এই সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button