অপরাধ

টঙ্গী বাজারে ‘বন্ধ’ হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের রমরমা কারবার

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গী বাজারে অবস্থিত ‘হোটেল মঞ্জুরী’ নামের একটি আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। হোটেলের প্রবেশপথে ‘বন্ধ’ থাকার সাইনবোর্ড ঝুলিয়ে কৌশলে ভেতরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, টঙ্গী বাজারের একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত এই আবাসিক হোটেলটির প্রবেশদ্বারে লেখা আছে—‘হোটেল মঞ্জুরী আপাতত বন্ধ’। তবে এই বন্ধ দরজার আড়ালে চলছে নারী দেহ ব্যবসা, মাদক কেনাবেচা ও জুয়ার আসর। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এমন অনৈতিক কাজ চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে হোটেলের কয়েকজন কর্মচারী জানান, স্থানীয় থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করেই তারা এই ব্যবসা পরিচালনা করছেন। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো ঝামেলার ভয় তারা করেন না। অভিযোগের বিষয়ে হোটেল মালিক সুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সচেতন মহলের দাবি, আবাসিক হোটেলের আড়ালে এসব অপকর্মের ফলে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। দ্রুত এসব আস্তানায় অভিযান চালিয়ে তা চিরতরে বন্ধ করার জন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

(এই ঘটনার বিস্তারিত ভিডিও ফুটেজসহ প্রতিবেদন আসছে পরবর্তী সংবাদে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button