অপরাধদুর্নীতি

৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের ট্রাকশন মোটরের যন্ত্রাংশ সরবরাহ, সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তি এবং সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সন্তোষজনক জবাব না দিয়ে সংবাদ সম্মেলনের ডায়াস ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন সংগঠনটির সভাপতি।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সংগঠনের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সভাপতির কাছে ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত জাহিদের সঙ্গে কথিত গোপন সমঝোতা বা ব্যবসায়িক আঁতাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। বিশেষ করে জুলাই-আগস্ট ২০২৪-এর সহিংসতা ও গণহত্যার মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি সামনে এলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।

এ ছাড়া প্রায় ১০ বছর আগে সরবরাহকারী ফেরদৌস হুদার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য প্রায় ৮ কোটি টাকার ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড যন্ত্রাংশ সরবরাহের বিষয়েও প্রশ্ন করা হয়।

অভিযোগ রয়েছে, সরবরাহ করা এসব যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে রেলওয়ের কেলোকা কারখানায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও যন্ত্রাংশগুলো পরিবর্তন বা প্রতিস্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সরবরাহকারীকে পুনরায় কালো তালিকাভুক্ত না করার কারণ এবং এ সিদ্ধান্তের পেছনে কারও প্রভাব রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।

অন্যদিকে, সংগঠনের চলমান সরবরাহকারী তালিকাভুক্তি প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সভাপতি হিসেবে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া কিছু কাগজপত্র কারিগরি কমিটির যাচাই-বাছাইয়ে জাল হিসেবে শনাক্ত হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাওয়া এসব অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।

একপর্যায়ে একের পর এক প্রশ্নের মুখে সভাপতি ডায়াস ছেড়ে দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন। এতে উপস্থিত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ অভিযোগের বিষয়ে সরাসরি জবাব না দিয়ে সভাপতির এভাবে চলে যাওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের জন্য নতুন সরবরাহকারী তালিকাভুক্তির আবেদন প্রক্রিয়া অবিলম্বে পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, তালিকাভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কারিগরি যোগ্যতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতীতের সরবরাহসংক্রান্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংগঠনের সভাপতি ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button