অপরাধ

খুলশীতে সরকারি সেগুন গাছ কাটার অভিযোগ, নীরব বন বিভাগ

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পূর্ব পাহাড়তলীর জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ৩/এ, লেন ১০/এ এলাকায় সরকারি সেগুন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ফাহিম ও আরমান নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি খাসজমি হিসেবে পরিচিত ওই এলাকায় নিজেদের গাছ দাবি করে একের পর এক সেগুন গাছ কেটে ফেলা হচ্ছে। শুধু গাছ কাটা নয়, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে ফাহিম ও আরমানের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাহিম ও আরমান বলেন, “আমাদের গাছ আমরা কাটি। বন বিভাগ সব জানে। তারা এখানে আসবে না। পারলে নিউজ করে দেন, কিছু করতে পারবেন না।” এ সময় তারা সংশ্লিষ্ট স্থানটিকে নিজেদের পৈতৃক ভিটা বলেও দাবি করেন বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদের।

গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার জুমার নামাজের পর খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটার দৃশ্য ভিডিও ধারণ ও ছবি তোলেন। এ সময় গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে ফাহিম ও আরমান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ওই এলাকার জমি ও বিভিন্ন স্থাপনা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে বলে তারা জানেন। এরপরও প্রভাব খাটিয়ে কেউ পাহাড় কাটছেন, আবার কেউ গাছ কেটে বিক্রি করছেন বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসীর আরও অভিযোগ, যেখানে ইট রাখারও অনুমতি নেই বলে তারা জানেন, সেখানে ইতোমধ্যে ভবন নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সরকারি অফিস বন্ধ থাকায় বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বন বিভাগ বিষয়টি জানে বলে অভিযুক্তদের দাবি থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন, সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের অভিযোগের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নীরব? তারা অবিলম্বে বন বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ, গাছ কাটার অভিযোগ তদন্ত এবং সরকারি জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button