অপরাধ

বন্ধকী সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি

অনলাইন ডেস্ক: সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর মর্টগেজ করা সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষ।

জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন। মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬ এবং সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান)।

এদিকে, দুদকের অনুসন্ধানের খবরের মধ্যে মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তাঁকে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠলেও সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাঁর দাপ্তরিক সফর।

সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তাঁর দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি দাপ্তরিক কাজে বিদেশ যাচ্ছেন এবং দুদককেও বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে, দুদক সূত্রের বরাত দিয়ে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনার কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে কি না, তা দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

দুদকের পক্ষ থেকে অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হলে কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট ব্যাংক শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত অনিয়মের অভিযোগও দুদকের আরেক কর্মকর্তা অনুসন্ধান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button