দুর্গাপুরে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন

মোঃ জাকির হোসেন (বাবলু): রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে ত্রাণের অর্থ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে আয়োজিত এই সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রেজাউল করিম ওরফে করিম, সোয়াদ আলী, সজীব ও আলামিন নামের চার ব্যক্তি নিজেদের বিএনপির কর্মী দাবি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সুদের কারবার ও মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বক্তারা দাবি করেন, এই চক্রটির অনৈতিক কর্মকাণ্ডে দুর্গাপুরে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সরকারি খাদ্যগুদামে চাঁদাবাজি ও কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল, যার তদন্ত শেষে ইতিমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাই ও পুকুরের মাছ চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি এই চক্রটিই সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে ত্রাণের অর্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে সম্মেলনে দাবি করা হয়।
উপস্থিত বিএনপি নেতারা বলেন, এমপির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি মূলত দল ও জনপ্রতিনিধির সম্মানহানি করার একটি গভীর ষড়যন্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অবিলম্বে এই চার অপরাধীকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তিরা তাদের বহিষ্কারের প্রতিবাদে গত ১ জানুয়ারি পৃথক সংবাদ সম্মেলন করেছিলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, ইমাম হাসান সুমন, আজাদ রেজাউল করিম, আজিজ মণ্ডল, রফিকুল ইসলাম ও গোলাম সাকলাইন। এছাড়া কিসমত গৈনকড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।



