নীলফামারীতে মাদক প্রতিরোধে যুবসম্পৃক্ততা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রউফুল আলম: মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে নীলফামারীতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “মাদক প্রতিরোধ ও যুবসম্পৃক্ততা” শীর্ষক এ সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট এজেন্সিস সমিতি (এডাব), নীলফামারী জেলা শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারীর উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান।
এডাব নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সৃজনশীল ও উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক সংগঠন এবং সর্বোপরি তরুণদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনারে মোট ৩৩ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৫ জন নারী ছিলেন। অংশগ্রহণকারীরা মাদক প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



