শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরফকল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ রাকিব হোসাইন হৃদয়: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বরফকল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



