রাজধানী

৬ মাসের মধ্যে গুলশান-হাতিরঝিল লেকের বর্জ্য সংযোগ বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় গুলশান-বনানী ও হাতিরঝিল লেক সংস্কার ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। পরিদর্শনকালে তিনি লেকের পানিতে সরাসরি পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ বন্ধ করতে আগামী ছয় মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

এদিন সকাল সাড়ে ৯টায় কালাচাঁদপুর এলাকা থেকে পরিদর্শন কার্যক্রম শুরু হয়। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “লেকের পানিতে সরাসরি স্যুয়ারেজ লাইনের বর্জ্য পড়ার কারণে নিয়মিত পরিষ্কার করেও সুফল পাওয়া যাচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় এসটিপি (STP) এবং সেপটিক ট্যাংকসহ আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” তিনি লেকে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দেন এবং নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে লেক সংলগ্ন মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা নির্মূলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে রাজউক ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দেন তিনি।

হাতিরঝিল ও লেক এলাকায় অবৈধ রেস্টুরেন্ট উচ্ছেদ ও আদালতের নির্দেশনা প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানান, “এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে উচ্চ আদালতের রায় এবং রাজউকের ড্যাপ (DAP) অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে রাজউক কর্মকর্তারা লেকের পানি দূষণমুক্ত রাখতে গৃহীত বিভিন্ন কারিগরি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। দূষণমুক্ত পরিবেশ ও সৌন্দর্য নিশ্চিতে রাজউকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button