চান্দগাঁওয়ে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি মাদকচক্র কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় পেপসি কোলার বিপরীতে খাজা মোটরপার্টস শপের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে তল্লাশিকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী রিমন ধর (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রীকুল এলাকার বাসিন্দা এবং বাদল চন্দ্র ধরের ছেলে।
পরবর্তীতে মোটরসাইকেলটির সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল উদ্ধার করা হয়। বান্ডেলগুলো খুলে তল্লাশি করে সর্বমোট ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত। তিনি একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য হিসেবে কাজ করতেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, উদ্ধারকৃত ইয়াবা, আটক ব্যক্তি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।



