কেইপিজেডে এখনো আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় অবস্থিত কেইপিজেড সংশ্লিষ্ট একটি শিল্প প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগের জিএম শামসুল ইসলাম শামসের বিরুদ্ধে আওয়ামী লীগ আমল থেকে প্রভাব খাটিয়ে নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।
অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শামসুল ইসলাম শামস প্রভাবশালী অবস্থান ব্যবহার করে পরিবহনসহ বিভিন্ন খাতে নির্দিষ্ট একটি ব্যবসায়ী গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে আসছেন। এতে স্থানীয় অনেক ব্যবসায়ী বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় সচেতন মহলের একটি অংশ তার কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার নামে, বেনামে অর্জিত সম্পদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানান তারা।
একাধিক ব্যবসায়ী জানান, শামসুল ইসলাম শামস নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে তাদের অভিযোগ। তিনি নিজেকে সাবেক উর্চ্চ পদস্থ বাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দেন এবং নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম শামসের বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে কয়েকদিন ধরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। চলবে…..



