চান্দিনায় পুলিশের সাঁড়াশি অভিযানে নকল সিগারেট ও মাদকসহ গ্রেফতার ৫

এম এ মান্নান, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ (STAR) ব্র্যান্ডের সিগারেট এবং নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত থেকে শনিবার (২০ জুন) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এই সাফল্য পায় চান্দিনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে পুলিশ। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির ঘোষের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঢাকাগামী একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল স্টার সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ২৬ হাজার শলাকা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। জালিয়াতির মাধ্যমে এসব নকল সিগারেট বিক্রির অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও একই রাতে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত (জিআর) আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়।
নকল সিগারেট চক্রের হোতা হিসেবে আটক হয়েছেন দেবিদ্বার উপজেলার ধামতী (পশ্চিম পাড়া) এলাকার হোসেন (৪০) ও রমজান আলী (৫২)। ৬০০ পিস ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি হলেন কুমিল্লা সদর দক্ষিণের গলিয়ারা এলাকার নুর মোহাম্মদ ওরফে আকাশ (২৫)। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চান্দিনার এতবারপুর এলাকার হুমায়ূন আহমেদ (৪৩) এবং পরোয়ানাভুক্ত আসামি শব্দলপুর এলাকার রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নকল পণ্য ও মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



