চট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রামে মাদকবিরোধী সেমিনার, তরুণদের এগিয়ে আসার আহ্বান সিএমপি কমিশনারের

মুহাম্মদ জুবাইর: মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে আরও সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে রবিবার (২১ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা যথেষ্ট নয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। পরিবারই একজন শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারের মাধ্যমে নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকশিত হলে মাদকাসক্তি প্রতিরোধ অনেকাংশে সম্ভব।”তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করছে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা এবং সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। তারা তাঁদের বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর। তিনি তরুণদের মধ্যে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম। তিনি তাঁর গবেষণাধর্মী উপস্থাপনায় দেশে মাদকাসক্তির বর্তমান চিত্র, মাদকের বিস্তারের কারণ, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব, শিক্ষার্থী ও তরুণদের করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে বক্তারা একমত পোষণ করেন যে, মাদকাসক্তি বর্তমানে দেশের অন্যতম সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ, শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি সিটি কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।সেমিনার শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button