বোয়ালমারীতে হাত-পা বেঁধে কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আখালীপাড়া গ্রামে এক কিশোরীকে হাত-পা বেঁধে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সন্তানের জনক মুকুল শেখকে প্রধান অভিযুক্ত করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত মুকুল শেখ কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে নির্জন পাটক্ষেতে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বোয়ালমারী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তও চলমান রয়েছে।



