ছাতক পৌরসভার বাজেট কমল ১ কোটি ১২ লাখ টাকা, ঘোষণা ৫৩ কোটি ৭১ লাখ টাকার নতুন বাজেট
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার কমেছে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা।
বুধবার (১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা সভায় পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিলে ৪০ কোটি ৮৫ লাখ টাকা। ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে ৯ কোটি টাকা এবং উন্নয়ন তহবিলে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। সে তুলনায় এবারের বাজেটের আকার কিছুটা কমেছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে। পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর সেবা নিশ্চিত করা হবে।



