সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় সাঘাটা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সমন্বিত আভিযানিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এর আগে আরও তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলের গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রমে নতুন গতি আসবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা আশা করছেন।



