সন্তানকে শুধু “নামাজ পড়ো” বলবেন না—নামাজকে ভালোবাসতে শেখান

🔴সন্তানকে শুধু “নামাজ পড়ো” বলবেন না—নামাজকে ভালোবাসতে শেখান🔴
একজন সন্তানের হৃদয়ে নামাজের ভালোবাসা জন্মায় কেবল আদেশ-নিষেধ দিয়ে নয়; বরং বাবা-মায়ের উত্তম আদর্শ, স্নেহময় ভাষা এবং আন্তরিক দোয়ার মাধ্যমে। অনেক সময় একটি সুন্দর বাক্য, একটি উৎসাহব্যঞ্জক হাসি কিংবা সন্তানের জন্য মায়ের চোখের পানিতে করা একটি দোয়া তার জীবনকে বদলে দিতে পারে। তাই সন্তানকে শুধু নামাজের নির্দেশ দেওয়াই যথেষ্ট নয়; বরং তাকে বুঝিয়ে বলতে হবে—কেন নামাজ পড়বে, নামাজের মাধ্যমে কী লাভ হবে এবং আল্লাহর কাছে এর মর্যাদা কত মহান।
▪️মায়ের দোয়া সন্তানের হৃদয়ে নামাজের ভালোবাসা জাগিয়ে তোলে
এক ব্যক্তি বলেছিলেন—
«”আমার মা যখনই আমাকে নামাজের জন্য ডাকতেন, তখন শুধু বলতেন না—’যাও নামাজ পড়ো’। বরং বলতেন, ‘উঠো নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সম্মান দান করুন। উঠো নামাজ পড়ো, আল্লাহ যেন তোমাকে নামাজের মাধুর্য থেকে বঞ্চিত না করেন। উঠো নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সফলতা দান করুন।’»
আমি ছোটবেলা থেকেই নামাজের অপেক্ষায় থাকতাম, কারণ তখন মায়ের সুন্দর দোয়াগুলো শুনতে পেতাম।
আমার মা প্রতিটি নামাজের পর উচ্চস্বরে দোয়া করতেন—
اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِنْ أَهْلِ الصَّلَاةِ الْمُسْتَمْتِعِينَ بِهَا، اللَّهُمَّ اجْعَلْ قُرَّةَ عَيْنِهِ فِي الصَّلَاةِ
আল্লাহুম্মাজ‘আল ইবনী মিন আহলিস-সালাতিল মুস্তামতি‘ঈনা বিহা। আল্লাহুম্মাজ‘আল কুররাতা ‘আইনিহি ফিস-সালাহ।
“হে আল্লাহ! আমার সন্তানকে এমন নামাজি বানিয়ে দিন, যে নামাজে আনন্দ ও প্রশান্তি অনুভব করে। হে আল্লাহ! তার চোখের শীতলতা নামাজের মধ্যেই দান করুন।”
মা বছরের পর বছর এই দোয়া করতে থাকলেন। আমিও বড় হতে হতে অনুভব করলাম—নামাজকে আমি ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো সেই সময়, যখন আমি আমার রবের সামনে দাঁড়াই।
▪️শুধু আদেশ নয়, কারণও বুঝিয়ে বলুন
আল্লাহ তাআলা আদম (আলাইহিস সালাম) ও হাওয়া (আলাইহাস সালাম)-কে শুধু নিষেধ করেননি; বরং নিষেধের কারণও উল্লেখ করেছেন।
﴿وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ﴾
“তোমরা এ গাছের নিকটবর্তী হয়ো না; তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।”— সূরা আল-বাকারা, ২:৩৫
তাই সন্তানকে এভাবে বলুন—
- নামাজ পড়ো, যাতে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন।
- মনোযোগ ও খুশু-খুজুর সাথে নামাজ পড়ো, যাতে আল্লাহ তা কবুল করেন।
- সুন্দরভাবে অজু করো, যাতে তোমার গুনাহ ঝরে যায়।
- হাসিমুখে বলুন, “চলো, আমরা একসাথে নামাজ পড়ি।”
এভাবে দাওয়াত দিলে নামাজ তার কাছে বোঝা নয়, বরং ভালোবাসার একটি ইবাদত হয়ে উঠবে।
▪️বাবা-মায়ের আমলই সন্তানের সর্বোত্তম শিক্ষা
আমার জীবনের একটি দৃশ্য কখনো ভুলতে পারি না। প্রতিটি নামাজের সময় আমার বাবা অজুর জন্য হাতা গুটিয়ে নিতেন। আমাদের পাশ দিয়ে হাসিমুখে যেতে যেতে বলতেন—
“মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ।”
এ কথাটি আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। একসময় নামাজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে; নামাজ ছাড়া জীবন কল্পনাই করতে পারি না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ
“মানুষের মাঝে শিরক ও কুফরের সীমারেখা হলো নামাজ পরিত্যাগ করা।”— সহিহ মুসলিম, হাদিস: ৮২
আরেক হাদিসে এসেছে—
الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ
“আমাদের ও তাদের (কুফরের) মধ্যকার অঙ্গীকার হলো নামাজ। যে তা ত্যাগ করল, সে কুফরি করল।”
— জামে আত-তিরমিযি, হাদিস: ২৬২১
▪️সন্তানের জন্য দোয়া করুন
সন্তানের জন্য দোয়া করা একজন মুমিন পিতা-মাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কুরআনে ইবরাহিম (আলাইহিস সালাম)-এর দোয়া আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন—
﴿رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ﴾
রাব্বিজ‘আলনী মুকীমাস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতী, রাব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ।
“হে আমার রব! আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আমার দোয়া কবুল করুন।— সূরা ইবরাহিম, ১৪:৪০
আরও দোয়া করুন—
اللَّهُمَّ اهْدِ أَوْلَادَنَا وَاجْعَلْهُمْ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالثَّبَاتِ عَلَى الصَّلَاةِ
আল্লাহুম্মাহদি আওলাদানা ওয়াজ‘আলহুম মিন আহলিস-সালাহ, ওয়াস-সাবাতি ‘আলা দীনিক।
“হে আল্লাহ! আমাদের সন্তানদের হিদায়াত দিন, তাদের নামাজি বানিয়ে দিন এবং আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।”
সন্তানকে বকাঝকা করে নয়, ভালোবাসা দিয়ে; ভয় দেখিয়ে নয়, জান্নাতের সুসংবাদ দিয়ে; কেবল আদেশ করে নয়, নিজের আমল ও আন্তরিক দোয়ার মাধ্যমে নামাজের পথে গড়ে তুলুন। কারণ বাবা-মায়ের মুখের দোয়া, তাদের চরিত্র এবং নামাজের প্রতি ভালোবাসাই সন্তানের হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলে।
— লেখাঃ আইন উদ্দিন আইনী
— আরবি থেকে অনূদিত
🍂💦🍂💦🍂💦🍂💦🍂💦🍂💦🍂



