কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
দুলাল শিকদার:কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সরোয়ার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, কালুর দোকান এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকারী দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ‘EASY’ শপিং ব্যাগ তল্লাশি করে সাতটি বান্ডিলে মোড়ানো মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. সরোয়ারের বয়স ৪২ বছর। তিনি চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোসলেম মিয়া।
অভিযানকারী দলের দাবি, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



