দেশ

নোয়াখালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ইতালি প্রবাসী সুলতান নাছির উদ্দিন ভূঁইয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘরের পাশে গাছ জোরপূর্বক কাটতে বাধা দেওয়ায় পার্শ্ববর্তী বদু ভূঁইয়া বাড়ির রাকিব ভূঁইয়া ওরফে কশাই রাকিব এ ঘটনা ঘটায়। এ সময় প্রবাসী নাছিরের মা খাদিজা বেগমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, প্রবাসী নাছিরের মা খাদিজা বেগম বাড়িতে একা থাকেন। পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে রাকিব প্রবাসী নাছিরের ঘরের পাশের গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার সময় তাঁর মা খাদিজা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব খাদিজা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। জীবন বাঁচাতে খাদিজা বেগম প্রতিবেশীর ঘরে আশ্রয় নিলে রাকিব ঘরে ঢুকে খাদিজা বেগমের চুলের মুঠি ধরে লাঞ্ছিত করে। লাঠি ও ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এসে রাকিব পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় প্রবাসী নাছিরের মা খাদিজা বেগম বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর রাকিবের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় আছে প্রবাসী নাছিরের পরিবারের সদস্যরা। তারা প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছে।

এছাড়া রাকিবের বিরুদ্ধে পূর্বে মাদক-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত রাকিব ভূঁইয়া ওরফে কশাই রাকিব সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান জানান, এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button