চট্টগ্রাম আদালতে বাদীকে ছুরিকাঘাত: মামলার আসামি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম আদালতে শুনানির দিন বাদীকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ভিকটিম মো. নুরুল কবির (৪১) মামলার শুনানিতে অংশ নিতে বিজ্ঞ আদালতে উপস্থিত হলে ধৃত আসামিসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে আহত করে।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে ৬ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুবাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঁচলাইশ থানা এলাকা থেকে মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি জয়নাল আবেদীন সোহেল (৩৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



