ছাতকে শিক্ষকদের বদলি ও সংযুক্তিতে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষকমহল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সংযুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কুমনা ও বাশখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষকদের বদলি এবং সিনিয়র শিক্ষকদের সংযুক্তি দেওয়ায় শিক্ষক মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।গত ২৯ সেপ্টেম্বর ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে দেখা যায়, কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক ছন্দা রানী দেবনাথকে বদলি করা হয়েছে এবং শেলী রানী বিশ্বাসকে সংযুক্তি দেওয়া হয়েছে। একইভাবে বাশখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে চন্দ্রা চৌধুরীকে বদলি এবং দীপিকা দাসকে সংযুক্তি দেওয়া হয়েছে।অভিযোগকারীদের দাবি, শূন্য পদ থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত সিনিয়র শিক্ষকদের সংযুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষকরা ওই শূন্য পদে বদলির সুযোগ পেয়েছেন। এতে বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, বদলি ও সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা এবং আবেদনকারীদের জ্যেষ্ঠতা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোনো বক্তব্য নাই। এমপি সাহেবের ডিও লেটার দেওয়া আছে এবং চাহিদা অনুযায়ী বদলি হয়েছে।
তবে সংশ্লিষ্ট শিক্ষকরা বদলি ও সংযুক্তির সিদ্ধান্তের ভিত্তি এবং প্রক্রিয়াটি যাচাই করে দেখার দাবি জানিয়েছেন।



