আইন-শৃঙ্খলা

মাদক সেবনের তথ্য পেলেই ছুটে যান এসিল্যান্ড, দেন জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জয়কালী বাজার ও বৈরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপপরিদর্শক রুপন কান্তি পাল।

অভিযানকালে আবদুর রাজ্জাক (৩০), মোঃ নাছির (৪৫), সুভাষ সিংহ (৪৫) ও রতন সর্দার (৪৮) নামের চার ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ ও গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আবদুর রাজ্জাককে ৬০ দিনের, মোঃ নাছিরকে ১২০ দিনের এবং সুভাষ সিংহ ও রতন সর্দারকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button