মীরসরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে মোহনা টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতেদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রধান আসামিদের গ্রেপ্তার করা না হলে অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকায় দুটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ। এতে বক্তব্য রাখেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা, যার মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ ভূঞা, এম মাঈন উদ্দিন, বিপুল দাস, রাজু কুমার দে, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও শিহাব উদ্দিন শিবলুসহ অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রকাশিত সংবাদের জের ধরে গত ২ সেপ্টেম্বর রাতে করেরহাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। মারধরের পর তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় থানায় সুনির্দিষ্ট নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলেও পুলিশ মূল হোতাদের বাদ দিয়ে চার নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানান আন্দোলনকারীরা। আগামী তিন দিনের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিদের গ্রেপ্তার করা না হলে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে অনশন কর্মসূচি ও লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।



