দেশ

রূপগঞ্জে নিখোঁজের পর নারী বাবুর্চির মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের এক দিন পর রাবেয়া বেগম (৪৫) নামের এক নারী বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাবেয়া বেগম ভোলার সদর উপজেলার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জলসিঁড়ি আবাসন কোম্পানির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতেন তিনি।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সন্ধ্যায় কাজ শেষে রাবেয়া ওই নির্মাণাধীন ভবন থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরদিন সোমবার সন্ধ্যার দিকে জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের ঝোপে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা পুলিশকে খবর দিলে পূর্বাচল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনেরা এসে মরদেহটি রাবেয়া বেগমের বলে শনাক্ত করেন।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে মরদেহটি লেকপাড়ের ঝোপে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ কিংবা ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল কি না, সে বিষয়টিও ময়নাতদন্তে স্পষ্ট হবে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button