৫ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন: দোয়ারাবাজারে পরিবেশ অধিদপ্তরের মামলা, আসামি ৩৭

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় মরাচেলা নদীর পাড় থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গত ৫ অক্টোবর দুপুরে ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাত ৮টার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন ও লোড-আনলোড করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(৩), ১২ ও ১৫(১) ধারায় মামলা করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে দোয়ারাবাজার থানার ৩৩ জন, ছাতক থানার ৩ জন এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার একজন রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, আসামিরা নদীর পাড় কেটে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।
তবে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



