চট্টগ্রামে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: চ্যানেল টোয়েন্টিফোরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। তিনি সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার বলে অভিযোগ রয়েছে।বুধবার (৭ অক্টোবর) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় কামাল পারভেজকে উদ্দেশ করে বগা লেখেন, “তুই আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করছস, তোর বিচারও হবে।” এর আগে হোয়াটসঅ্যাপে ফোন করেও ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে বগাকে আটক করতে পুলিশের অভিযান চালানোর খবর প্রকাশ করেন সাংবাদিক কামাল পারভেজ। ওই সংবাদ প্রকাশের পরদিনই তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।এদিকে মঙ্গলবারের ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এর পরপরই সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনা সামনে আসে।এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নগরবাসীর অভিযোগ, নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় একজন অভিযুক্ত সন্ত্রাসীর উপস্থিতি এবং তাকে ঘিরে পুলিশের অভিযানের পর সংশ্লিষ্ট থানার ওসিকে বদলি করা হলে তা জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। তাদের দাবি, এ ধরনের পরিস্থিতি সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলতে পারে।সাংবাদিক কামাল পারভেজকে দেওয়া হুমকির ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে হুমকির অভিযোগ এবং ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



