আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানি ও সংরক্ষণ বাড়াতে গাজীপুরে বিনার গামা ইরেডিয়েশন সেন্টার চালু

মো: কামরুজ্জামান(গাজীপুর প্রতিনিধি): আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কৃষিপণ্য রপ্তানি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে গাজীপুরে চালু হয়েছে অত্যাধুনিক ‘গামা ইরেডিয়েশন সেন্টার’। এর মাধ্যমে দেশের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা ও রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের ভবানীপুরে বিনার আঞ্চলিক গবেষণা স্টেশনে নবনির্মিত এই গামা ইরেডিয়েশন সেন্টারটির শুভউদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ৩ একর জমির ওপর এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যে শুধু পরমাণু প্রযুক্তি নির্ভর পরিশোধনের এই সেন্টারটি তৈরিতে ব্যয় হয়েছে ৮৯ কোটি টাকা। এতে প্রায় ৫০০ কেসিআই ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বাণিজ্যিকভাবে প্রতি বছর প্রায় ৮৫ হাজার মেট্রিক টন কৃষিপণ্যে বিকিরণ (Radiation) সেবা দেওয়া সম্ভব হবে।

মূলত উৎপাদিত কৃষিপণ্য, প্যাকেটজাত খাদ্যদ্রব্য এবং মসলাজাতীয় পণ্যে নিয়ন্ত্রিত মাত্রায় গামা-রে (Gamma-ray), এক্স-রে কিংবা ইলেকট্রন বিম প্রয়োগ করে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াই হলো ইরেডিয়েশন। এই প্রযুক্তি ব্যবহারের ফলে পণ্যে থাকা ক্ষতিকর পোকা-মাকড়, পরজীবী, রোগজীবাণু ও অণুজীব ধ্বংস হয়ে যায়, যার ফলে পণ্যের দ্রুত পচন রোধ করা সম্ভব হয়।
উন্নত বিশ্বে মসলা, বিভিন্ন খাদ্যপণ্য, পশুখাদ্য ও চিকিৎসাসামগ্রী আমদানির ক্ষেত্রে রেডিয়েশনের মাধ্যমে জীবাণুমুক্ত করাকে প্রধান শর্ত হিসেবে ধরা হয়। এতদিন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ গবেষণা প্রতিষ্ঠানের দুটি প্ল্যান্টের মাধ্যমে সীমিত পরিসরে এই সেবা দেওয়া হতো। তবে মেশিনের কার্যক্ষমতা হ্রাস পাওয়ায় বাণিজ্যিক সেবা প্রায় বন্ধের উপক্রম হয়েছিল। বিনার এই নতুন সেন্টার চালুর ফলে সেই সংকট দূর হলো।
কোন পণ্য কতদিন সংরক্ষণ করা যাবে?
বিনার বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গামা ইরেডিয়েশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফল ও শাকসবজির সংরক্ষণকাল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়:
- পেঁয়াজ: ৬ মাস পর্যন্ত
- রসুন: ১২ মাস পর্যন্ত
- আলু: ৬ মাস পর্যন্ত
- পেঁপে: ১৫ দিন থেকে ৪ সপ্তাহ
- স্ট্রবেরি: ৫ দিন থেকে ৩ সপ্তাহ
- আম ও কলা: ১০ দিন থেকে ৩ সপ্তাহ পর্যন্ত
এছাড়া শাক-সবজির ক্ষেত্রে আন্তর্জাতিক কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে পরিপালন করা সম্ভব হবে, যা বৈশ্বিক বাজারে কৃষিপণ্য রপ্তানির পথ আরও সুগম করবে।
প্রতিবেশী দেশগুলো যেমন ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামে এই প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বিনার এই অত্যাধুনিক সেন্টার চালুর ফলে বাংলাদেশের কৃষকরা ও রপ্তানিকারকরা এখন বিশ্ববাজারে প্রতিযোগিতা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল।



