চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুহাম্মদ জুবাইর: বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে ৩ থেকে ৫ নভেম্বর তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। একই আয়োজনে রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠানে বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।
তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কর্নেল কমান্ড্যান্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আর্টিলারি রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।



