দেশ

রেস্টুরেন্টে খেতে গেলে সড়ক থেকে উধাও পুলিশের টহল পিকআপ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে খোদ পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে গেলে এই চুরির ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যানে তিনজন পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। বিকেল ৩টার দিকে তাঁরা জেলা পুলিশ লাইনের সামনের সড়কে গাড়িটি পার্ক করে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে খেতে যান।

খাওয়া শেষে ফিরে এসে তাঁরা দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। তাৎক্ষণিকভাবে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অত্যন্ত স্বাভাবিকভাবে গাড়িটি চালিয়ে নিয়ে চলে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, হালিশহর থানার টহল দলের একটি পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি চালিয়ে নিয়ে যেতে দেখা গেছে। চোরকে শনাক্ত করে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের জোর চেষ্টা চলছে। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতি বা গাড়িটি কীভাবে চুরি হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খোদ পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির এমন ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button