কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে সফল হামলার দাবি ইরানের
অনলাইন ডেস্ক: কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন কেন্দ্রগুলোতে সফল হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই পাল্টা হামলার দাবি সামনে এলো।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযানে ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আলি আল সালেম বিমানঘাঁটিকে আকাশপথে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং পশ্চিম এশিয়ায় প্রবেশকারী মার্কিন বাহিনীর অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করা হয়।
কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতিতে আরও বলা হয়, “ইরানের প্রতিরক্ষায় আমরা কোনো শক্তির কাছে মাথা নত করি না। যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত, বিধ্বংসী এবং ভৌগোলিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে।”
কুয়েতের ঘাঁটিতে হামলার ঠিক একদিন আগে, অর্থাৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থায় হামলার দাবি করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোনের অনুপ্রবেশের জবাবে ওই অভিযান চালানো হয়েছিল বলে আইআরজিসি জানায়।
মূলত হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর থেকেই ইরানের পক্ষ থেকে এসব পাল্টা হামলার ঘটনা ঘটছে। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারাও ইরানে পুনরায় হামলা শুরুর হুমকি দিয়ে রেখেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোর এই ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা ও হুমকির ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে।



