পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক নিরাপত্তা অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির চার সেনাসদস্যও নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন মেজর রয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, গত ১৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকিতে একাধিক গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানের অংশ হিসেবে এলাকায় নিরাপত্তা জোরদার এবং কোয়েটা-তাফতান মহাসড়কে (এন-৪০) টহল দেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে বেলুচিস্তানের কোলপুর এলাকায় অভিযান চালিয়ে ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় পৃথক অভিযানে আরও ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের মধ্যে দুজন আফগান নাগরিক রয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
আইএসপিআর আরও জানায়, ১৪ নভেম্বর বেলুচিস্তানে টহলরত সামরিক যানবাহন লক্ষ্য করে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। উত্তর ওয়াজিরিস্তানে পৃথক সংঘর্ষে আরও দুই সেনাসদস্য প্রাণ হারান।
পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা ভারতীয় মদতপুষ্ট। তবে এ অভিযোগের বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আইএসপিআর জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবশিষ্ট সন্ত্রাসী হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।



