বিশ্ব

সৌদি আরবে হজের আইন লঙ্ঘন ও প্রতারণা: বাংলাদেশিসহ ১৩ জন আটক

অনলাইন ডেস্ক: সৌদি আরবে হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ ১২ জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিনটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি পথ ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাঁচজন তুর্কি নাগরিককে আটক করা হয়। যথাযথ হজের অনুমতিপত্র (পারমিট) না থাকায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল চারজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। অভিযোগ রয়েছে, এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। ওই আফগান নাগরিকদের কাছেও হজের কোনো বৈধ অনুমতিপত্র ছিল না।

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ সৌদি নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় সতর্ক করেছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button