খেলাধুলাগাজীপুরবাংলাদেশসম্পাদকীয়

চাঁদপুরের ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেবে সরকার

মো: রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফুটবলপ্রেমী মহলে আনন্দের খবর— ‘ক্ষুদে মেসি’ খ্যাত সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্কলারশিপ দেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জানান,

খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে সে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে।”

এর আগে এই ক্ষুদে ফুটবলার সোহান দেশের ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। তার অসাধারণ বল নিয়ন্ত্রণ ও খেলার দক্ষতায় মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দায়িত্ব নেন। দলের পক্ষ থেকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক চাঁদপুরে গিয়ে সোহানের হাতে ফুটবল সরঞ্জাম ও আর্থিক সহায়তা তুলে দেন।

বর্তমানে প্রতিদিনই অসংখ্য মানুষ এই ক্ষুদে ফুটবলারকে দেখতে ছুটে আসছেন তার বাড়িতে। সোহানের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়িতে। বাবা সোহেল প্রধানিয়া পেশায় সাইকেল মেকানিক এবং মা রেহেনা বেগম একজন গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে সোহান ছোট। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ে সে, আর তার বড় বোন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অত্যন্ত সাধারণ পরিবারের এই ফুটবল প্রতিভা এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিকেএসপির স্কলারশিপ পেলে সোহানের জীবনে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দুয়ার— এমনটাই আশা করছেন চাঁদপুরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button