ল্যামপস আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শতভাগ পাসের সাফল্য ও মেধার বিকাশ

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ল্যামপস আইডিয়াল হাই স্কুলের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যামপস আইডিয়াল হাই স্কুলের সম্মানিত চেয়ারম্যান এরশাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জনসংযোগ পরিচালক মোহা: হাফিজুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
মোহা: হাফিজুল্লাহ বলেন, “ল্যামপস আইডিয়াল হাই স্কুল কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়। আমাদের ছাত্র-ছাত্রীরা সাধারণ পড়ালেখার পাশাপাশি কোরআন শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিনোদন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে থাকে, যা তাদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।”
প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্যের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বিগত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে, যা প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থারই প্রতিফলন।
দিনব্যাপী চলা নানা ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



