চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেসক্লাবে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার

মুহাম্মদ জুবাইর

বৈষম্যহীন সমাজ গঠনে আদর্শভিত্তিক নেতৃত্বের আহ্বান

চট্টগ্রামে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই স্মৃতি হলে এই আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনটির আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয় এবং অতিথিরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ছাত্রসমাজ আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সর্বশেষ জুলাই আন্দোলনেও ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশায়। কিন্তু তাদের সেই ত্যাগ ও আন্দোলন অনেক সময় স্বার্থান্বেষী মহলের দ্বারা ব্যবহৃত হয়েছে।

তিনি বলেন, তরুণ সমাজের সামনে সঠিক আদর্শের অভাব থাকায় অনেক সময় তাদের ত্যাগ ও সংগ্রাম কাঙ্ক্ষিত ফল পায় না। সঠিক আদর্শের ভিত্তিতে সমাজ গঠন করা গেলে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশীদ এবং চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাত সালসাবিল প্রমুখ।

বক্তারা শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা তাদের ছাত্রদের কাছেও নিরাপত্তাহীনতা অনুভব করছেন। দেশের বিভিন্ন খাতে অবক্ষয়ের কথাও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুসলিম বিশ্বের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম জনগোষ্ঠী নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ন্যায় ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

হেবালেল্লাহ বিনতে হাবিব ও মালিহা আব্দুল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ইফতার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ১৬ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটির নাম ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button