‘দেশ গঠনে নারীদের অবদান অনস্বীকার্য’ — নারী দিবস ও ইফতার মাহফিলে ড. সুকোমল বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
একটি সমৃদ্ধ জাতি ও দেশ গঠনে নারীদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
রবিবার (বিকেলে) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নারী দিবস ২০২৬’ উদযাপন এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গুণী নারী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের পাশাপাশি সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুকোমল বড়ুয়া বলেন,
“আজকের বাংলাদেশে নারীরা খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি ও সাহিত্যে যে সাফল্যের স্বাক্ষর রাখছেন, তা আমাদের গর্বিত করে। বিজেইউসি বিশ্ব নারী দিবসে এই গুণীজনদের সম্মাননা জানিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা পালন সাংবাদিকতার মর্যাদা আরও বৃদ্ধি করবে।”
জমকালো এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি কবি রাজু আলীম।
সম্মাননা পেলেন যারা: এবারের আয়োজনে প্রথমবারের মতো বিশ্ব নারী দিবস উপলক্ষে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিন জন বিশিষ্ট নারীকে বিশেষ সম্মাননা এবং একজনকে ‘বেস্ট অব দ্য ইয়ার’ পদক প্রদান করা হয়। তারা হলেন—
- মোছাম্মৎ শরিফা খাতুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী অলরাউন্ডার।
- কবি শিমুল পারভীন: ৮৭টি কবিতার বইয়ের রচয়িতা ও মোড়ক উন্মোচনকারী।
- শাহানা সেলিম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরান ঢাকা থেকে প্রথম ও একমাত্র নারী সংসদ সদস্য পদপ্রার্থী।
- ফেরদৌস আক্তার মারিয়া (বিজেইউসি বেস্ট অব দ্য ইয়ার): মাল্টি-স্পোর্টসে জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জনকারী কনিষ্ঠ নারী অ্যাথলেট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, সাংবাদিক খোরশেদ আলম সীমান্ত এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব মাঈনুল রশিদ চৌধুরী এবং বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সাংগঠনিক সমন্বয়কারী সবুজ ইকবাল।



