অমর একুশে বইমেলায় তারকা লেখিকা শাম্মী তুলতুলের নতুন বই ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ও তারকা লেখিকা শাম্মী তুলতুলের নতুন বই ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’। শিশুদের মননশীলতা, নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে রচিত এটি একটি চমৎকার ইসলামিক শিশু-কিশোর গল্পগ্রন্থ।
দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনিন্দ্য প্রকাশ’ বইটি বাজারে এনেছে। বইমেলায় তাদের ৫৬৫/৫৬৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। চিত্রশিল্পী বাইজিদ আহমেদের দৃষ্টিনন্দন প্রচ্ছদে বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। জানা গেছে, দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখকের নির্বাচিত মোট ১৩টি গল্প এই বইটিতে স্থান পেয়েছে।
নতুন বই প্রকাশ প্রসঙ্গে লেখিকা শাম্মী তুলতুল বলেন, “আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। কারণ ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছেন। তাই মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়সেই শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন। এটি একজন লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে।”
এটি লেখকের ১৭তম গ্রন্থ। শিশুসাহিত্যের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, “শিশুসাহিত্য লেখা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ শিশুদের মনের মতো করেই লিখতে হয়। আমার প্রায় সব বই বেস্টসেলার হয়েছে। এই নতুন বই নিয়েও আমি পাঠক মহলে অনেক আশাবাদী।”
বহুমাত্রিক প্রতিভার অধিকারী শাম্মী তুলতুল লেখালেখির পাশাপাশি নিয়মিত খবর পাঠ ও আবৃত্তি করেন। এর আগে তাঁর প্রকাশিত ‘চোরাবালির বাসিন্দা’, ‘গণিত মামার চামচ রহস্য’, ‘ভূত যখন বিজ্ঞানী’, ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’ এবং ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’ বইগুলো পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে তাকে বেস্টসেলার লেখিকার স্বীকৃতি দিয়েছে। এছাড়া, ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও তাঁর অণুগল্পের বই ‘নরকে আলিঙ্গন’ প্রকাশিত হয়ে প্রশংসিত হয়।
উল্লেখ্য, শাম্মী তুলতুল জন্মগ্রহণ করেছেন একটি ঐতিহ্যবাহী সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারে। তাই লেখালেখি তাঁর রক্তে এবং মুক্তিযুদ্ধের চেতনা তাঁর মননে মিশে আছে। সব মিলিয়ে ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’ শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এবারের বইমেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।



