আনোয়ারায় হাফেজ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
সোমবার (৪ মে) উপজেলার উত্তর বন্দর কাফকো সেন্টারে অবস্থিত ইমাম শেরেবাংলা (রা:) হাফেজিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআনের শিক্ষা ইসলামের মূল ভিত্তি। আজকের এই হাফেজ শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজকে আলোর পথে পরিচালিত করবে। তিনি মনির আহমদ ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক ও ধর্মীয় কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন। তিনি বলেন, কোরআনের শিক্ষা মানবজাতির মুক্তির পথ এবং নতুন প্রজন্মের হাতে কোরআন তুলে দিতে পারা সৌভাগ্যের বিষয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা। তিনি ফাউন্ডেশনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আহাম্মেদ ইরফান আলির সঞ্চালনায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওলামায়ে কেরাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



