জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি গঠন: মেয়রের কঠোর নির্দেশনা
দুলাল শিকদার: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম জোরদার করতে ৬টি পৃথক কমিটি গঠন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি সংশ্লিষ্টদের গাফিলতি না করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় মেয়র এ সিদ্ধান্ত নেন। সভায় নগরীর খাল, ড্রেন, কালভার্ট ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার বাস্তব চিত্র তুলে ধরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
গঠিত কমিটিগুলোর সার্বিক তদারকিতে থাকবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।
খালভিত্তিক কমিটিগুলো হলো,হিজরা খাল, জামালখান-হিজরা খাল, রামপুর খাল, গুলজার খাল, মনোহরদি খাল এবং চাঁদগাঁও-মুরাদপুর এলাকা। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট প্রকৌশলী, আঞ্চলিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় মেয়র বলেন, “জলাবদ্ধতা নিরসনে আর কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। কোথায় কী সমস্যা, কোন খাল বা ড্রেন বন্ধ, তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে।”
তিনি চাকতাই, মুরাদপুর, রামপুরা খাল, আজম পাহাড় খাল, গাউছিয়া রোড, গুলজারখাল ও মাদারবাড়ি এলাকার জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে দ্রুত নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেন।
মেয়র আরও বলেন, বর্ষার আগে অন্তত অস্থায়ীভাবে হলেও জনগণের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তা সাময়িক হলেও এখনই কাজ শুরু করতে হবে।
পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম নিয়েও কঠোর অবস্থান তুলে ধরে তিনি জানান, ৪১টি ওয়ার্ডে সেবকদের কার্যক্রম সরাসরি তদারকি করা হবে। দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের জন্য ৩ হাজার রেইনকোট সরবরাহ এবং প্রয়োজনে নতুন জনবল নিয়োগের কথাও জানান তিনি।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকার সমস্যা ও সমাধান নিয়ে মতামত প্রদান করেন।



