জাতীয়

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জলবায়ু অভিযোজনে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

সোমবার (৪ মে ২০২৬) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমোড) আয়োজিত ‘হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ (এইচআই-ক্যাস) প্রকল্পের সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, বৈচিত্র্যময় ও ঐক্যবদ্ধ ‘রেইনবো নেশন’ গঠনে কাজ করে যাচ্ছেন, যেখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে এবং খরা দীর্ঘস্থায়ী হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি জীববৈচিত্র্য সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়োপযোগী উদ্যোগ।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মীর হেলাল উদ্দীন বলেন, পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সেখানে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি দেশি-বিদেশি সংস্থার ইতিবাচক প্রকল্প বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button