পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, রূপগঞ্জে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২
নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার অনুসারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েকজন সদস্যকে আহত করা হয়। ঘটনাটি সোমবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় জেলা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে শামীমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপ ভ্যানে তোলা হলে হঠাৎ করে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশের গাড়ির চাকা কেটে দেয় এবং শামীমকে ছাড়িয়ে নিতে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করে শামীমকে ছিনিয়ে নেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ মোট ১২ জনকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে নিয়মিত মাদক, অস্ত্র ও সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করেছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “অভিযান চলাকালে শামীমকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তার স্ত্রীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



