হারানো এডমিট কার্ড উদ্ধার, এসএসসি পরীক্ষার্থীর পাশে সিএমপি
মুহাম্মাদ জুবাইর: হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের মানবিক ও দ্রুত পদক্ষেপে হারিয়ে যাওয়া এডমিট কার্ড ফিরে পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে এক পরীক্ষার্থী। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম।
আজ ০৭ মে ২০২৬ ইং রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে নগরীর রৌফাবাদ এলাকা থেকে বিআরটিসির দোতলা বাসযোগে বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ) কেন্দ্রে যাচ্ছিল। অসাবধানতাবশত বাস থেকে নামার সময় সে তার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ফাইলটি বাসেই ফেলে রেখে যায়। ফাইলটিতে তার রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ডসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।
পরবর্তীতে বাওয়া স্কুল এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের কাছে বিষয়টি জানালে সার্জেন্ট আতিকুর রহমান দ্রুত বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন। তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে নগরীর বিভিন্ন ট্রাফিক স্টেশন ও ইউনিটে তথ্য পাঠানো হয় এবং হারিয়ে যাওয়া ফাইল উদ্ধারে সমন্বিত অভিযান শুরু করা হয়।
এদিকে পরীক্ষার্থী সাদাফ মজুমদার এডমিট কার্ড হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। শুধু তাই নয়, তার পরীক্ষায় অংশগ্রহণ যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়।
ডেল্টা থ্রি’র মাধ্যমে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান নিজেই বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে একাধিক বাস তল্লাশি চালান। অবশেষে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করতে সক্ষম হন তিনি। পরে দ্রুত সেটি পরীক্ষাকেন্দ্রে নিয়ে এসে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের হাতে তুলে দেন।
পুলিশের এই মানবিক, দায়িত্বশীল ও সময়োপযোগী পদক্ষেপে পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। ঘটনায় সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ধরনের ব্যতিক্রমী ও প্রশংসনীয় মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে বিশেষভাবে পুরস্কৃত করেন।



