মোঃ হারুঅর রশিদ (ব্রাহ্মণপাড়া ): কুমিল্লার বুড়িচং উপজেলায় স্থানীয় জনতার তৎপরতায় বড় ধরনের মাদক লেনদেনের চেষ্টা ভেস্তে গেছে। ইয়াবা বিক্রির সময় জনতার ধাওয়া খেয়ে ৩ মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেছে।
জানা গেছে, বুধবার (৬ মে) বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের গাজীপুর-নোয়াপাড়া এলাকায় কামাল হোসেনের দোকানের দক্ষিণ পাশে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত সংঘবদ্ধ হয়ে মাদক কারবারিদের ধাওয়া করে। একপর্যায়ে ধাওয়া খেয়ে কারবারিরা সঙ্গে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ফেলে পালিয়ে যায়।স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় বুড়িচং পৌরসভার আরাগ আনন্দপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান তানভীন (২৪), ষোলনল ইউনিয়নের মহিষমারা গ্রামের হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে শাহীন গাজী (৩৮) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুতফুর রহমান জানান, “স্থানীয় জনসচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়লে সমাজ থেকে এই ভয়াবহ মাদকব্যাধি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।



